শিক্ষার্থীকে নির্যাতন

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৫ পিএম

কুষ্টিয়ায় মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে নির্যাতন করে আহত অবস্থায় একটি কক্ষে আট দিন আটকে রাখার অভিযোগে আদালতে মামলা করেছেন শিশুটির বড় ভাই কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আরজু শেখ।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবদুল জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লকের মকবুল হোসেন-সামসুন্নাহার হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শেখ রাসেল ওরফে ফাহিম সাধারণত এক দিন, দুই দিন পরপর মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করত। কিন্তু গত মাসের ৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত ফাহিমের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। সন্দেহ হওয়ায় ফাহিমের মা জামেলা খাতুন ও ভাই আরজু মাদ্রাসায় গিয়ে ফাহিমের সঙ্গে দেখা করতে চাইলে কর্তব্যরত শিক্ষক আবদুল জব্বার দেখা করতে না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আরজুর হইচইয়ে আশপাশের লোকজন এসে মাদ্রাসায় ঢুকে দরজা বন্ধ একটি কক্ষ থেকে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় ফাহিম তার ওপর নির্যাতনের ঘটনা খুলে বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত