সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া মডেল বাজার ও চৌহালী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাষকাউলিয়া খালের ওপর নির্মিত বাঁশের সেতু ১০টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা। এলাকাবাসীর অনুদান ও স্বেচ্ছাশ্রমে নির্মিত ২০০ ফুটের ওই সাঁকোটি নির্মাণ করা হয় তিন বছর আগে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প উপায় না থাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাঁশের সাঁকোটির সংযোগ সড়কের দুপাশে গড়ে উঠেছে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ হাজার শিক্ষার্থী ও আশপাশের ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন এ সাঁকো দিয়ে চলাচল করে। কে আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঋতু জানায়, নড়বড়ে এ বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের। অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থী খাদিজা বলে, ‘সাঁকো পার হওয়ার সময় ভয় লাগে, বুকের মধ্যে ধড়ফড় করে। কিন্তু বিকল্প কোনো উপায় না থাকায় নড়বড়ে এ সাঁকো দিয়েই পার হতে হয়।’
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহির বলেন, ‘সাঁকোটি সরেজমিনে পরিদর্শন করে দেখেছি। উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সঙ্গে কথা বলে সেতু নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
