মহানগরে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর খড়বোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলো খড়বোনা এলাকার মৃত নফর ম-লের ছেলে রানা (৩১) ও তার স্ত্রী কহিনুর (৩৮)। গতকাল মঙ্গলবার বিকেলে অস্ত্র আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় রানার কাছ থেকে একটি রিভলবার ও স্ত্রী কহিনুরের থেকে তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে। তাতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন এই পুলিশ কর্মকর্তা।
