আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতেই হবে সুপ্রভাতকে

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০২:১৩ এএম

রাজধানীর প্রগতি সরণির বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভর্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা বহাল রয়েছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষের করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে আবরারের পরিবারকে ১০ লাখ দিতেই হবে বলে সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সুপ্রভাতের মালিকপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একেএম বদরুদ্দোজা। এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ২০ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আবরারের পরিবারকে তাৎক্ষণিক ও জরুরি খরচ হিসেবে ১০ লাখ দিতে নির্দেশ দেয় সুপ্রভাত পরিবহনকে। অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি নিহত আবরারের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং বেপরোয়া গাড়ি চালানোসহ দুর্ঘটনারোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে গত ২ এপ্রিল চেম্বার আদালতে আবেদন করে সুপ্রভাত পরিবহনের মালিকপক্ষ। চেম্বার আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেয়।  গত ১৯ মার্চ সকাল ৭টার দিকে প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার  গেটের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসচাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ঘটনার পরপরই সড়কে নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। দুদিন এ আন্দোলন চলে। এর মধ্যে ২০ মার্চ বিষয়টি হাইকোর্টের নজরে এনে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত