জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারের ১৪০তম আইপিইউ’র ইয়াং পার্লামেন্টারিয়ান ফোরামের আলোচনায় অংশ নিয়েছে প্রতিনিধিদলটি। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
(আইপিইউ)-এর স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি বলেছেন, টেকসই উন্নয়নের অংশ হিসেবে বিশ্ববাসী ২০৩০ সালের মধ্যে ‘ইউএইচসি (ইউনিভার্সাল হেলথ কভারেজ)’ অর্জনে একমত হয়েছে এবং তা অর্জনে টেকসই অর্থায়ন, দক্ষ স্বাস্থ্যকর্মী, সুশাসন, নির্ভরযোগ্য সেবা প্রদান ও সর্বজনীন ওষুধ প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্য জুয়েল আরেং এমপি বলেছেন, বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যারা বয়সে তরুণ। আর এসব তরুণ সংসদ সদস্যরা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়Ñ নিরাপদ বিশ্ব গড়ায় অংশীদার হতে চায়।
এ ছাড়া গত সোমবার শেরাটনে কাতারস্থ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সাংবাদিকরা প্রবাসীদের নানা সমস্যার কথা স্পিকারকে অবহিত করেন এবং তা সংসদে উত্থাপন করার জন্য স্পিকারকে অনুরোধ জানান।
স্পিকার জানান, ১৪০তম আইপিইউ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে কাতার প্রশংসার দাবিদার। কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে শুরা কাউন্সিলের স্পিকার আহমেদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন। বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পক আরও সুদৃঢ় করবে।
×
