শহরের ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চড়ে স্কুলে যাচ্ছে কিশোরী এক ছাত্রী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভারতের কেরালার ত্রিসূর জেলায় এ ঘটনা ঘটেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে ভিডিওটিতে দেখা যায়, স্কুল ড্রেস পরা ওই ছাত্রী দারুণ গতিতে রাস্তায় ঘোড়া নিয়ে ছুটছে আর পাশ দিয়ে চলছে গাড়ি।
ওই কিশোরীর নাম কৃষ্ণা। পরিবারের সঙ্গে ত্রিসূরেই থাকে সে। তবে প্রতিদিন এভাবে ঘোড়ায় চড়ে স্কুলে যায় না সে।
সংবাদ সংস্থা এএনআইকে কৃষ্ণা বলে, “আমি প্রতিদিন ঘোড়ায় চড়ে স্কুলে যাই না। মন খারাপ থাকলে ঘোড়াতে চড়ে যাই, আর বিশেষ দিনেও। আপনারা জিজ্ঞাসা থাকতে পারে, বিশেষ দিন বলে কি বুঝিয়েছি? আমার সর্বশেষ বিশেষ দিন ছিল, ক্লাস টেনের বোর্ড পরীক্ষা।”
এদিকে ঘোড়া চালানোয় কৃষ্ণার গতি ও কৌশল দেখে রীতিমতো মুগ্ধ ভারতের বৃহত্তম গাড়ি কোম্পানির মাহিন্দ্রর মালিক আনন্দ মাহিন্দ্র।
শহরের ছোট রাস্তায় কৃষ্ণা যে গতিতে ঘোড়া ছুটাচ্ছে এবং ভারসাম্য রক্ষায় তার আত্মবিশ্বাস দেখে উচ্ছ্বসিত ধনকুবের এ শিল্পপতি।
ঘোড়া চালানোর প্রতি আগ্রহ নিয়ে কৃষ্ণা বলে, “আমার এক বন্ধু আমাকে বলে, ঘোড়া চালানো সহজ না। মেয়েদের জন্য আরও অসম্ভব এটি। তার মতে, এটি শুধু ঝাঁসির রানির মতো নারীই সম্ভব করতে পারে। এরপর আমি ভাবলাম, কেন একজন সাধারণ মেয়ে ঘোড়া চালাতে পারবে না।”
ক্লাস সেভেনে থাকতে প্রথম ঘোড়ায় চড়ে কৃষ্ণা। এরপর থেকে ঘোড়া চালানোর প্রশিক্ষণ চালিয়ে যায় সে। এ কাজে তাকে সহায়তা করে তার বাবা।
