ঘনিয়ে আসছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার সময়। এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে দাপুটে এক সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সম্ভাবনা জোরালো করলেন মোসাদ্দেক হোসেন।
বুধবার সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে গিয়েছিল আবাহনী। মাত্র ১৪ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে তারা যখন দিশেহারা তখন হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক।
উইকেটে মাটি কামড়ে পড়ে থাকেন ছয় নম্বরে নামা এই ব্যাটসম্যান। মোসাদ্দেকের দৃঢ়চেতা ব্যাটিংটা খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার (২০) সঙ্গে সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়েন মোসাদ্দেক। ডানহাতি এই ব্যাটার পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনের (৩৩) সঙ্গে ৬০ রান ও অষ্টম উইকেটে আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন।
শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। তার ১৩৯ বলের ইনিংসটিতে রয়েছে ছয়টি চার ও তিনটি ছক্কার মার। লিস্ট এ ক্রিকেটে এটা মোসাদ্দেকের তৃতীয় শতক।
এবারের লিগটা দারুণ কাটছে মোসাদ্দেকের। আগের ১০ ইনিংসে চারবার করেছিলেন হাফ-সেঞ্চুরি।
চারজন ছাড়া আবাহনীর বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। মোসাদ্দেকের দৃঢ়চেতা ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২১১ রান।
শেখ জামালের বোলারদের মধ্যে নাসির হোসেন তিনটি উইকেট নেন। দুই উইকেট নেন ইলিয়াস সানি।
