সুপ্রিম কোর্টের লিফট হঠাৎ বিকল, ৪০ মিনিট পর উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১০:২৪ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স (বর্ধিত) ভবনের লিফট হঠাৎ বিকল হওয়ায় এক আইনজীবীসহ ৬ জন আটকা পড়েন। প্রায় ৪০ মিনিট পর লিফট থেকে তাদের বের করে আনা হয়।

বুধবার বেলা ২টা কিছু পরে এ ঘটনা ঘটে। এ সময় দুই আইনজীবী, সুপ্রিম কোর্টের দুই কর্মকর্তা, এক আইনজীবীর সহকারী এবং একজন নারী লিফটে আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করা হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘লিফটটি হঠাৎ বিকল হয়ে যাওয়ায় বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। কিছুক্ষণ পর তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।’

তিনি বলেন, ‘ছয়জনকে উদ্ধারের পর লিফটটি চালু হলেও সেটিতে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না।  আর সুপ্রিম কোর্টে যেসব লিফট রয়েছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য এরই মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) লিফটগুলো পরীক্ষা করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত