'পুলিশ আমার মেয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল'

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুসা অভিযোগ করে বলেছেন, সোনাগাজী থানা পুলিশ আমার মেয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল। 

তিনি তার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার চেয়েছেন।

তিনি বলেছেন, যারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নুসরাতের মরদেহের ময়নাতদন্ত করন চিকিৎসকরা। ওই মর্গের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ কে এম মুসা । 

নুসরাতের বাবা আরও বলেন, আমার মেয়ে নিষ্পাপ। তাকে প্রথমে যেভাবে হেনস্তা করা হয়েছে তার প্রতিকার চেয়েছিল আামার মেয়ে। সোনাগাজী থানায় গিয়েছিল মামলা দিতে, কিন্তু পুলিশের পক্ষ থেকে আমার মেয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। 

'পরবর্তীতে নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমি ভাষা হারিয়ে ফেলছি...। আমি শুধু আমার মেয়ের শান্তি চায়, আর তা হলো বিচারের মধ্যে দিয়ে'।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যান ফেরার দেশে চলে যান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। 

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন- এমন অভিযোগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। 

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়। 

এরপর গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত