ভিআইপি তল্লাশী শিথিলের অনুরোধ অসাংবিধানিক: টিআইবি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:৩৪ এএম

দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপিদের নিরাপত্তা তল্লাশি শিথিলে সংসদীয় কমিটির অনুরোধ অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে আমরা জানতে পারছি যে, সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের বিমানবন্দরসমূহে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা তল্লাশি শিথিল করার অনুরোধ জানানো হয়। কমিটির এমন প্রস্তাবে আমরা উদ্বিগ্ন। কারণ এ ধরনের প্রস্তাব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার অপব্যবহারের শামিল। ফলে এ প্রস্তাব অগ্রাহ্য করার আহ্বান জানাই।

ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি মনে করে, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা এমনিতেই নানাবিধ সাংবিধানিক প্রাধিকার ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন। এর বাইরে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে তাদের বিশেষ সুবিধা বা শিথিলতা প্রদান করা হলে তা অসাংবিধানিক হবে। পাশপাশি এ ধরনের অনৈতিক সুবিধা প্রদানের উদ্যোগ গণতান্ত্রিক চর্চার জন্য আত্মঘাতীমূলক হবে। তাই সরকার এ ধরনের অনিয়মকে কোনোভাবেই উৎসাহিত করবে না, আমরা এই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, এই যুক্তিতে ভিআইপিদের জন্য শৈথিল্যের এ অন্যায্য প্রস্তাব গৃহীত হলে তা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নিয়মকানুনের সাথে সাংঘর্ষিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত