কারফিউ ভেঙে সেনাবাহিনীর মুখোমুখি সুদানের জনগণ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:২৬ পিএম

সুদানে কারফিউ ভঙ্গে করে রাস্তায় নেমে আসল বিক্ষোভকারীরা। গতকাল দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার করে কারফিউ জারি করে সেনাবাহিনী।

বিবিসি জানায়, খার্তুমে মহাসড়ক দখলে নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরকে গ্রেপ্তার করে গোপন স্থানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এক মাসব্যাপী কারফিউ এবং সব সীমান্ত বন্ধ রাখার কথাও ঘোষণা করে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আহমেদ আওয়াদ ইবনে আউফ ঘোষণা করেন, তার নেতৃত্বে একটি সামরিক কাউন্সিল দুই বছরের জন্য দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে। এরপর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তবে সামরিক কাউন্সিল নেতৃত্বাধীন সরকারকে প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। ইতিমধ্যে খার্তুমের রাস্তায় আবার বিক্ষোভ শুরু হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির অসন্তোষ একপর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল। গত ডিসেম্বর থেকে টানা গণবিক্ষোভের ফলে সৃষ্টি রাজনৈতিক অস্থিরতায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা বশিরকে বিদায় নিতে হলো।

বিবিসি জানায়, কারফিউ ভেঙে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসায় নতুন পরিস্থিতি সৃষ্টি হলো দেশটিতে। নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কাও করা যাচ্ছে।

সামরিক সরকারকে প্রত্যাখ্যান করেছে দেশটির পেশাজীবীদের সংগঠন এসপিএ। প্রেসিডেন্ট বশির বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সংগঠনটি। এসপিএ'র একজন সংগঠক সারা আবদেলজলিল বলেন, এটি আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা। ফলে আমাদের শান্তিপূর্ণ প্রতিরোধ এবং লড়াই অব্যাহত আছে।  

এদিকে নিরাপত্তার স্বার্থে কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছে সরকার। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক ঘোষণায় সরকার জানায়, সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা পরিষদ দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং নাগরিকদের জীবনমান রক্ষা করার দায়িত্ব পালন করবে  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত