ঠাকুরগাঁওয়ে ফোনে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:৫০ পিএম

ঠাকুরগাঁও শহরে গোকুল রায় নামে এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের স্বর্ণকার পট্টিতে উত্তম রায় ও তার ছোট ভাই গোকুল রায় মিলে প্রিয়া জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান চালাতেন। রাতে দোকান বন্ধ করে ১১টা ৫৫ মিনিটে শহরের জমিদার পাড়ার বাসায় আসেন গোকুল রায়। ঠিক ১২টা ১ মিনিটে তার মোবাইলে কল আসে। ঘর থেকে বেরিয়ে যান গোকুল। বাড়ি থেকে একটু দূরে টিকাপাড়ার পুরাতন গোরস্থান ও শ্মশান ঘাটের পাশে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত করা হয় গোকুল রায়কে।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত গোকুল রায়ের মেজো ভাই সঞ্জয় রায় বলেন, রাত ১২টায় মোবাইল ফোনে কল দিয়ে তার ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত