‘মুক্ত করতে না পারলে খালেদা জিয়াকে হারাতে হবে’

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৭:১৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। জেলের তালা ভেঙে মুক্ত করে আনতে না পারলে তাকে আমরা হারাব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘জিয়া আদর্শ একাডেমি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেলসহ সব কারাবন্দী নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের কাছে অঙ্গীকার করে বলেন, ‘২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে, ১৯ মার্চ জয়দেবপুরে আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আমরা আর্মির সঙ্গে লড়াই করেছিলাম। ঢাকায় মিছিল হয়েছিল ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’, আজকে ৭২ বছর বয়সে আমাকেই সেই কাজ করতে বলেন? না আপনাদেরও দায়িত্ব আছে। তারপরও বলছি, আছি আপনাদের সঙ্গে। শুধু সঙ্গে না, আপনাদের সামনেই থাকব। চলেন আমরা একসঙ্গে নামি’।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি খুবই অসুস্থ। তাকে যদি মুক্ত আলো বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তাকে আমরা হারাব। আর তাকে হারালে আপনার আমার কার কত দাম সেটা আমাদের জানা আছে। তাই তার আন্দোলনের সঙ্গী হাবিব উন নবী খান সোহেলের মতো যারা বন্দী আছেন, তাদের মুক্ত করার জন্য যে লড়াই প্রয়োজন আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নিই’।

সরকারের উন্নয়নের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে যারা সবচেয়ে  ধনবান লোক, তারা  যে গতিতে আরো ধনী হচ্ছে সেটা বিশ্বের মধ্যে প্রথম । এটাই তো আমাদের উন্নয়নের ধরন।’

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সরকার যখন শাসক হয়ে যায় তখনই দুঃশাসন মাথাচাড়া দেয়। দেশে বর্তমানে কোনো সরকার নেই, আছে শাসক। আর সেই শাসকের ক্যাপ্টেন হচ্ছেন (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা’।

আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত