মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে আটকে পড়া অবৈধ অভিবাসীদের ডেমোক্র্যাট ক্ষমতাসীন শহরগুলোতে পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমন কিছু পরিকল্পনা হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ট্রাম্পকে প্রস্তাব আকারে দিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
গত নভেম্বরে হোয়াইট হাউসের নীতিনির্ধারণী একজন শীর্ষ উপদেষ্টা প্রেসিডেন্টকে এক ইমেইলে এমন পরিকল্পনার কথা জানান। ওই সময় ট্রাম্প মধ্য আমেরিকা থেকে আগত অভিবাসীদের ফল সামলাতে কট্টর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। নভেম্বরের ১৬ তারিখের ওই ইমেইলে ‘স্যাঙচুয়ারি সিটি প্রোপোজাল’ নামে প্রস্তাবনা পাঠান উপদেষ্টা মে ডেভিস। তবে এই পরিকল্পনার পেছনে আছে হোমল্যান্ড সিকিউরিট, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অ্যান্ড কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ।
ডেভিসের প্রস্তাবনায় বলা হয়, আটকে পড়া অভিবাসীদের সীমান্তবর্তী শহরগুলোতে ছেড়ে দেওয়া যেতে পারে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে কাজ করবে তা নিরূপণের ভিত্তিতেই প্রস্তাবটি বাস্তবায়ন করা যাবে।
হোয়াইট হাউস থেকে বলা হয়, এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে সীমান্তবর্তী শহরগুলোর আবাসন ব্যবসার মন্দা পরিস্থিতি কাটবে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বিষয়টি প্রস্তাবাকারে থাকলেও ইতোমধ্যে সীমান্তবর্তী শহরগুলোতে এ নিয়ে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে ওই কর্মকর্তা আরও বলেন, শহরগুলোর রাস্তায় অভিবাসীদের ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের উদ্দেশে বার্তা দিতে চাইছেন ট্রাম্প। কারণ ডেমোক্র্যাটরা ট্রাম্পের অভিবাসন নীতিমালার সঙ্গে একমত নয়।
ডেভিসের প্রস্তাবে আরও বলা হয়, ‘কয়েকটি নীতির ওপর ভিত্তি করে এমন পরিকল্পনা সাজানো হয়েছে। আমরা যদি অস্থায়ী আবাসন তৈরিতে ব্যর্থ হই তাহলে ক্যারাভ্যান করে আসা অভিবাসীদের মধ্যম আয়তনের সীমান্তবর্তী শহরগুলোতে পাঠানো হবে।’
তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন আইসিইর ভারপ্রাপ্ত ডেপুটি পরিচালক ম্যাথিউ অ্যালবেন্স। তিনি বলেন, অভিবাসীদের ওই শহরগুলোতে পাঠানোর সময় কোনো হতাহতের ঘটনা ঘটলে তার দায়িত্ব নিতে হবে হোয়াইট হাউসকে। এ ছাড়া এ কাজের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বাজেটও নেই। এমন পরিকল্পনা বেশ কয়েকটি বিভাগের ওপর অপ্রয়োজনীয় বোঝা হিসেবে চাপবে, যা সামলানো যাবে না বর্তমান বাস্তবতায়।
গত বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্রের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবটি এখনো চূড়ান্ত করা হয়নি। এটা যেকোনো মুহূর্তে বাতিলও হয়ে যেতে পারে।’ তবে হোয়াইট হাউসের অপর এক বিবৃতিতে বলা হয়, “এসব অবৈধ ‘অ্যালিয়েন’দের ইতোমধ্যেই প্রতিদিন বিভিন্ন শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের এ নিয়ে অবস্থান স্পষ্ট, আমরা ওই অবৈধ অ্যালিয়েনদের ছেড়ে দিতে পারি না।”
গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয় দ্য ওয়াশিংটন পোস্টে। কিন্তু এই পরিকল্পনাটি কয়েক মাস আগেই প্রস্তুত করে হোয়াইট হাউস।
