চান্দিনায় হাসান মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলান গ্রামে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে পিটুনিতে আহত হলে গতকাল শুক্রবার সকালে মারা যান তিনি। হাসান (৩৫) কৈলান গ্রামের আব্দুল জলিল ওরফে মনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসানকে তারই এক বন্ধু মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে মাদক ব্যবসা এবং সেবন নিয়ে বিরোধের জেরে ৪-৫ বন্ধু মিলে তাকে রাতভর পেটালে গতকাল শুক্রবার সকালে হাসান মারা যান। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
চান্দিনা থানার ওসি ফয়সাল আহাম্মেদ বলেন, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসানের বন্ধুরাই তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহত হাসানের বিরুদ্ধে একাধিক মাদক বিষয়ে মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
