চলন্ত বাসে চবি ছাত্রীকে নির্যাতন: চালক গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০২:২৯ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নির্যাতনের মামলায় বাস চালককে গ্রেপ্তার করেছে কতোয়ালি থানা পুলিশ। 

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরের স্টেশন রোড এলাকায় চলন্ত বাসে ওই ছাত্রীকে চালক ও তার সহকারী নির্যাতন করেন। এ ঘটনা তিনি ফেসবুকে জানান।

নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ওই ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে লাফ দিয়েছেন বলে পরে নিজের ফেসবুকে দীর্ঘ পোস্টে উল্লেখ করেছেন।ঘটনার পর এক রিক্সাচালকের সহযোগিতায় বাসায় পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নগরীর নিউমার্কেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৩নং রুটের বাসে ওই ছাত্রী লাঞ্ছনার শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শুক্রবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এরপর রাত সাড়ে ১২টায় কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ মহসীন জানান, ছাত্রীর সহপাঠীদের সনাক্তকরণ অনুযায়ী ৩নং রুটের অভিযুক্ত বাস এবং এটির চালককে আটক করা হয়েছে। চালকের সহকারীকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত