ত্রিদেশীয় সিরিজে গেইলকে সামলাতে হচ্ছে না বাংলাদেশকে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০২:৫১ পিএম

বিশ্বকাপের আগে আয়ার‌ল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক দেশ ছাড়াও সিরিজের অপর দল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঝালাই করে নেওয়ার এই সিরিজে ক্যারিবীয় দলের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের মুখোমুখি হতে হচ্ছে না মাশরাফীদের।

ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ক্রিকেট বোর্ড। গেইলের পাশাপাশি দলে নেই তারকা অলরাউন্ডার আন্ড্রে রাসেল। তবে এটা বিশ্বকাপ দল নয় বলেও জানিয়েছেন সিডব্লিউআইয়ের পরিচালক জিমি অ্যাডামস।

মূলত গেইল ও রাসেলকে আইপিএলে খেলতে দেওয়ার কারণেই তাদের ত্রি-দেশীয় সিরিজের দলের বাইরে রাখা হয়েছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ ফর্মে আছেন রাসেল। পাঞ্জাব একাদশের গেইলও আছেন চেনা রূপে। দলে না থাকায় ত্রিদেশীয় সিরিজে বিধ্বংসী দুই ব্যাটসম্যানকে সামলাতে হচ্ছে না বাংলাদেশকে।

গেইল-রাসেল ছাড়াও এই সিরিজে খেলবেন না শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, ওশানে থমাস ও নিকোলাস পুরান। তাদের জন্য আইপিএলকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে সিডব্লিউআই।

লম্বা বিরতি দিয়ে ওয়ানডেতে ফিরেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও ব্যাটসম্যান জোনাথন কার্টার। আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন শেন ডাওরিচ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে যোগ করা হয়েছে সুনিল অ্যামব্রিস, রোস্টন চেস ও অভিষেকের অপেক্ষায় থাকা রেমন্ড রেইফারকে।

ত্রিদেশীয় সিরিজটি শুরু হহবে ৫ মে; শেষ ১৭ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শিল্ডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলি নার্স, রোস্টন চেইজ, শেন ডাওরিচ ও জোনাথান কার্টার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত