টেইকফুসা কুবো; আসছে জুনে পা দেবেন ১৮ বছর বয়সে। জাপানের তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারে নজর এখন স্পেনের শক্তিশালী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের।
‘টেইক’ নামে পরিচিত ওই ফুটবলার বর্তমানে এফসি টোকিওর হয়ে খেলছেন। এর আগে বার্সেলোনার যুব দলের হয়েও ফুটবলে হাতেখরি নেন তিনি। সম্ভাবনাময় এই ফুটবলারকে মূল দলে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।
এই খেলোয়াড়কে দলে টানতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ইউরোপের আরেক শক্তিশালী ক্লাব লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিও নাকি টেইককে দলে আনার ব্যাপারে প্রস্তাব দিয়েছে।
অসাধারণ সব টেকনিক ও সতীর্থদের পাস দেওয়ায় টেইকের দক্ষতা এরই মধ্যে সবার নজর কেড়েছে। আক্রমণভাগে শক্তি বাড়াতে ১৭ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতি নজর রাখছে রিয়াল। কিন্তু খুব বেশি এগুতে পারছে না তারা। কেননা বার্সেলোনার সঙ্গে টেইকের একটি প্রতিশ্রুতি রয়েছে বলে জানা গেছে।
দুইমাস আগেই টেইককে দলে বেড়াতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তার বয়স ১৮ পূর্ণ না হওয়ায় আপাতত হচ্ছে না চুক্তিটি।
