ম্যাচটিতে ড্র করলেই নিশ্চিত হতো শিরোপা। এমন হিসাব সামনে রেখে লিলের মাঠে খেলতে গিয়ে উড়ে গেল পিএসজি। বাড়ল দলটির শিরোপা জয়ের অপেক্ষা।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে ৫-১ গোলে হারে প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হওয়া পিএসজি। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে চারটি গোল করে স্বাগতিক দল। ফ্রান্সের শীর্ষ লিগে এই নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন রইল তারা। গত সপ্তাহে স্ত্রাসবুরের বিপক্ষে নিজেদের মাঠে ২-২ ড্র করেছিল প্রতিযোগিতাটির গত আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের সপ্তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। নিজেদের জালে বল জড়িয়ে বসেন বেলজিয়ান ডিফেন্ডার তমা মুনিয়ে। অবশ্য সমতা ফেরাতে দেরি করেনি অতিথি দল। কিলিয়ান এমবাপের ক্রসে বাঁ পায়ের কোনাকুনি শটে জালে বল জড়ান হুয়ান বের্নাত।
এর কিছুক্ষণ পর আট মিনিটের ব্যবধানে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির দুই ডিফেন্ডার চিয়াগো সিলভা ও মুনিয়ে। ৩৬তম মিনিটে দশ জনের দলে পরিণত তারা। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।
রক্ষণভাগের এই খেলোয়াড়ের বিদায় যেন খেই হারিয়ে বসে পিএসজি। দ্বিতীয়ার্ধে তাদের পেয়ে বসে লিলে। এই সময়ে আরও চারটি গোল করলে বিশাল জয় নিশ্চিত হয় তাদের।
চলতি লিগে পিএসজির এটা দ্বিতীয় হার। ৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা লিল।
