খতমে নবুওয়তের সম্মেলন ঘিরে আহমদিয়া মুসলিম জামাতের আশঙ্কা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ পিএম

পঞ্চগড়ে খতমে নবুওয়তের সম্মেলন ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছে আহমদিয়া মুসলিম জামাত। সোমবার শহরতলির আহমদিয়া কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট তাহের যুগলের পক্ষে আহমদনগর মসজিদের ইমাম আব্দুল মতিন লিখিত বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করে এ কথা জানান।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হেফাজতে ইসলামের আমির আহমদ শাহ শফী উপস্থিত থাকবেন।

আহমদিয়া মুসলিম জামাতের সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, খতমে নবুওয়তের সম্মেলনের আড়ালে বিভিন্ন গুজব সৃষ্টির মাধ্যমে আহমদিয়াদের উপর সন্ত্রাসী আক্রমণ হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বা সাজানো হামলার গুজব রটিয়ে আহমদিয়া জামাতের উপর আক্রমণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আহমদিয়া জামাতের কেন্দ্রীয় আমির মোবাশ্বেরুর রহমান উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছি। সার্বিক বিষয়ে নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির টহল থাকবে। সেখানে কোন উসকানিমূলক বক্তব্য দিতে পারবে না। মাঠে গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই সম্মেলন শেষ করতে পারব।’

প্রসঙ্গত, পঞ্চগড় শহরতলির আহমদিয়া মুসলিম জামাত আহমদনগরে ২২-২৪ ফেব্রুয়ারি বার্ষিক সালানা জলসার আয়োজন করেছিল। প্রশাসন এই জসলার অনুমতি দিয়েছিল কিন্তু খতমে নবুওয়তের আন্দোলন ও আক্রমণের ফলে প্রশাসন লিখিতভাবে এই জলসা স্থগিত ঘোষণা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত