প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালে আগুন (ভিডিও)

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:০৬ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত মধ্যযুগীয় স্থাপত্য নটর ডেম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ক্যাথেড্রাল থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়।

সাড়ে ৮০০ বছরের পুরনো ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়া ওড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিদিন ৩০ হাজারেরও বেশি পর্যটক প্যারিসের অন্যতম এই দর্শনীয় স্থানটি দেখতে আসেন।

ফরাসি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিকেলে ক্যাথেড্রালের ওপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে ভবন সংস্কারের সময় কোনো গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স টু টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ।

প্রাচীন এই ক্যাথেড্রালটিতে সংস্কার কাজ চলছিল। গত সপ্তাহেই সংস্কারের জন্য ক্যাথেড্রাল থেকে ব্রোঞ্জ মূর্তি সরিয়ে নেওয়া হয়েছিল। ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অব নটর ডেমে’ দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই ক্যাথেড্রালটির কথা বলা আছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতির উদ্দেশে তার ভাষণ স্থগিত করেছেন বলে এলিজে প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত