নুসরাত হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আ. লীগ: মোশাররফ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:৩৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। অধ্যক্ষ সিরাজ ওলামা লীগের নেতা। তাই আওয়ামী লীগের নেতারা এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার পর প্রেসক্লাবের সামনে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নুসরাতের হত্যাকারীরা আওয়ামী লীগ নেতাকর্মী। আওয়ামী লীগ নেতা হওয়ার কারণেই হত্যাকাণ্ডের স্বপক্ষে সভা-সমাবেশ হয়েছে ফেনীর সোনাগাজীতে। অধ্যক্ষ সিরাজ ওলামা লীগ নেতা। আওয়ামী লীগের মন্ত্রীরা এখন বিভিন্ন কথা বলে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।  তারা এখন মাদ্রাসা শিক্ষার উপর কটাক্ষ করছে। দোষ ব্যক্তির, কোন নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার না।  

তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারেন না। দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা আর অনিচ্ছার উপরেই আইনের গতিপ্রবাহ নির্ধারিত হচ্ছে, বিচারও হচ্ছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের আমলে দায়ের করা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ৯শ’ মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ খালেদা জিয়ার কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি। বরং আরো মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে।

সাবেক এই মন্ত্রী বলেন, গণতন্ত্রের চেতনা আজ সর্বক্ষেত্রে অনুপস্থিত। মুখে চেতনার কথা বললেও আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। ২০১৪ সালে আওয়ামী লীগের একক নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র হোঁচট খেয়েছিল আর ২০১৮ সালে আগের রাতের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে বিচার বিভাগের চরম অবনতি হয়েছে।  বিচারকরা চরিত্রহীন হয়ে যাচ্ছেন, তারা আইন ভুলে গেছেন।  খালেদা জিয়ার জামিন আটকে রাখা হচ্ছে অন্যায়ভাবে।  আজকে কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না।  তার মূল চিকিৎসা হচ্ছে তাকে জেল থেকে মুক্তি দেওয়া।  গণতন্ত্র না থাকলে বিচার বিভাগের এই অবনতি ঘটবে।  বিচারকদের মনে রাখতে হবে কখনো না কখনো তাদের জনতার আদালতে হাজির হতে হবে। 

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্না বলেন, নুসরাত হত্যার পতিবাদ কর্মসূচী পালন করতে দেয়নি কে ? আওয়ামী লীগ নেতার কারণেই নুসরাত মারা গেছে।  নুসরাতের জন্য চোখ ভিজে যায়। কিন্তু সরকার অশ্রুর মূল্য দেয় না। যারা ক্ষমতায় আছে তারা আগের বিভিন্ন ঘটনা ধামাচাপা দেওয়াতেই এ নুসরাতের মতো ঘটনা ঘটছে। তারা আমাদের সরকার নয়। তারা নির্বাচিত নয়।  তাদের মানবো না। 

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত