৫ দিনেও খোঁজ মেলেনি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০২:৫৫ এএম

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক মাদ্রাসাশিক্ষক ও এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। তারা হলেনÑ মাদ্রাসাশিক্ষক জাহেদুর রহমান (৩৯) ও ব্যবসায়ী মো. ইকবাল (৩৩)। গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা, র‌্যাব কার্যালয় এবং নারায়ণগঞ্জ ও ঢাকার ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর দপ্তরে খোঁজ নিলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করা হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল সোমবার ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে তাদের সন্ধান জানতে চেয়েছেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেনের ছোট ভাই মোস্তফা কামাল জানান, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী বাজারের বায়তুল শরফ জামে মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৮-১০ জন সাদা পোশাকধারী ব্যক্তি জাহেদুর ও ইকবালকে একটি মাক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১২ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় তিনি একটি জিডি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ দেশ রূপান্তরকে বলেন, ‘থানায় তো অনেক জিডি। আমি বিষয়টি খোঁজ নিয়ে জানাতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত