নিজেদের নিউজ রুমে বন্দুক হামলার খবর দিয়ে পুলিৎজার জয়

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের স্থানীয় পত্রিকা ক্যাপিটাল গ্যাজেটের নিউজ রুমে বন্দুক হামলা হয়েছিল। সেই ঘটনার সংবাদ পরিবেশনের জন্য পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছে মেরিল্যান্ডের পত্রিকাটি।

মার্কিন সংবাদজগতে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার অর্জনে কোনো ধরনের উদযাপন করেনি ক্যাপিটাল গ্যাজেট।

বিবিসি জানায়, পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হওয়ার চেয়ে হামলায় নিহত সহকর্মীদের শোকে আচ্ছন্ন ছিলেন ক্যাপিটালের সংবাদকর্মীরা।

গত ২০১৮ সালের জুনে ওই হামলায় পত্রিকাটির পাঁচজন সংবাদকর্মী নিহত হন। কিন্তু এরপরেও পত্রিকাটি নিয়মিত কার্যক্রম থামিয়ে দেয়নি।

শোক বুকে নিয়েই সংবাদকর্মীরা পরদিন ঠিকই পত্রিকা বের করে। নিজেদের ওপর হামলার ঘটনাই সেদিনের প্রধান শিরোনাম হয়।

সোমবার বিকেলে নিউইয়র্ক সিটিতে কলম্বিয়ার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমে ২০১৯ সালের জন্য পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সাংবাদিকতা, চিঠিপত্র, নাটক এবং সংগীতের ওপর ২১টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের দেওয়া হয় ১৫ হাজার ডলার করে পুরস্কার।

তবে সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব দেখিয়ে ক্যাপিটেল গ্যাজেট ১ লাখ ডলার পুরস্কার জিতে নেয়।

পত্রিকাটি সম্পর্কে বলা হয়, মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক হত্যার ঘটনায় সাহসী সংবাদ পরিবেশন করে তারা।

ক্যাপিটেল গ্যাজেটের ওপর দীর্ঘদিনের ক্ষোভে এক ব্যক্তি ওই বন্দুক হামলা চালায়। তবে অভিযুক্ত ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করে।

ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুরস্কার নেয় পিটসবার্গ পোস্ট গ্যাজেট। গত অক্টোবরে পেনসিলভানিয়া সিনাগগে বন্দুক হামলায় ১১ জনের নিহতের প্রতিবেদন প্রকাশ করে এটি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ফাঁকি নিয়ে বিশদ প্রতিবেদনের জন্য পুরস্কার জিতে নিউইয়র্ক টাইমস। সম্পাদকীয়র জন্য আরেকটি পুরস্কার জিতে পত্রিকাটি।

ট্রাম্প দুই নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে চুপ থাকতে নির্বাচনী প্রচারণার সময় তাদের অর্থ প্রদানের সংবাদ প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল জিতে নেয় জাতীয় প্রতিবেদনের পুরস্কার।

ইয়েমেন যুদ্ধ নিয়ে ফটো জার্নালিজমের জন্য পুরস্কার জিতেছে ওয়াশিংটন পোস্ট। সমালোচনা, বুক রিভিউ এবং কলামের জন্য তারা আরেকটি পুরস্কার জিতে।

মিয়ানমারে রাখাইনে এক গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার জিতে রয়টার্স নিউজ এজেন্সি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত