প্রচারণা বিলবোর্ড সরিয়ে দেওয়ায় নির্বাচন কমিশন কর্মকর্তার প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
এমন মন্তব্য করায় নির্বাচন কমিশন বিজেপির এই নেতাকে শোকজ করেছে বলেও মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি।
শোকজে বলা হয়, একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে কেন এধরনের মন্তব্য করলেন তা জানাতে হবে বিজেপি নেতা দিলীপকে।
রাজ্য সভাপতি হওয়ার পাশাপাশি এবার মেদিনীপুর আসন থেকে লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন তিনি।
এনডিটিভি জানায়, একটি বিলবোর্ড সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রামনমবীর উপলক্ষে একটি বিলবোর্ড ঝুলানো হয়েছিল। দিলীপের ছবি থাকায় সেটি সরিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের এক কর্মকর্তার উপস্থিতিতেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
এঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তার সামনে বিলবোর্ড খোলা হলে তিনি ওই কর্মকর্তার প্যান্ট খুলে নিতেন।
পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির এমন বক্তব্য প্রচারিত হতেই নড়েচড়ে বসে কমিশন। শোকজ করা হয় তাকে।
রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে নিজের নির্বাচনী কেন্দ্রের একটি জনসভায় তিনি বলেন, বিজেপির সঙ্গে অসহযোহিতা করলে নির্বাচন কমিশনকে বলে প্রশাসনের কর্মকর্তাদের ‘গ্যারেজ করে দেব’।
