আইপিএল ছেড়ে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০২:৫৫ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। যথা সময়ে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে একদিন আগে তাকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব দিয়েছেন ইতিবাচক সাড়া। শুরু থেকেই ক্যাম্পে থাকছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

মঙ্গলবার ঘোষণা করা হয় বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। সংবাদ সম্মেলনে দল ঘোষণায় সময় বিসিবি পরিচালক আকরাম খান সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘আমরা সাকিবকে চিঠি দিয়েছিলাম। ও ২২ বা ২৩ তারিখে ক্যাম্পে যোগ দেবে।’’

টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল।

এর আগে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবকে ফিরে আসতে চিঠি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।

আইপিএলে এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলার পর আর একাদশে সুযোগ পাননি।

গেল আসরে প্রথমবার হায়দরাবাদে খেলেন সাকিব। দলকে রানার্সআপ করতে রেখেছিলেন বড় ভূমিকা। এবার অবশ্য টিম কম্বিনেশনের কারণে বাইরে বসে থাকতে হচ্ছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। সাকিবকে বাইরে রেখে ইতিমধ্যে টানা ছয় ম্যাচ খেলে ফেলেছে হায়দরাবাদ।

বিশ্বকাপের আগে সাকিবের প্রস্তুতিটা যে আদর্শ হচ্ছে না সেটি বলাই যায়। এ কারণেই সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হয় বিসিবি।

আইপিএল খেলতে যাওয়ার আগে দীর্ঘ সময় চোটে পড়েছিলেন ছিলেন সাকিব। বিপিএলের ফাইনালে আঙুলের ইনজুরিতে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে।

সাকিব অবশ্য ভারতেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সেখানে উড়িয়ে নেন সপ্তাহের শুরুতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত