রোহিঙ্গা গণহত্যা ফাঁস করে বন্দী ২ সাংবাদিক জিতল পুলিৎজার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৩:২৮ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সংগঠিত গণহত্যার ঘটনা উদঘাটন করে গ্রেপ্তার হন রয়টার্সের দুই সংবাদকর্মী। ৪৯০ দিন ধরে কারাগারে বন্দী এ দুজন জিতে নিলেন এ বছরের পুলিৎজার পুরস্কার।

সোমবার বিকেলে নিউইয়র্ক সিটিতে কলম্বিয়ার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজমে ২১টি ক্যাটাগরিতে এ বছরের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার জগতে অত্যন্ত সম্মানীয় পুরস্কার হিসেবে দেখা হয় পুলিৎজারকে।

রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে গত বছর সেপ্টেম্বরের শুরুতে মিয়ানমার নাগরিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউকে (২৮)  সাত বছর করে কারাদণ্ড দেয় দেশটির ইয়াংগুন জেলা আদালত।

রয়টার্সের এই দুই সাংবাদিকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস (দাপ্তরিক গোপনীয়তা আইন) ভঙ্গ করার অভিযোগ আনা হয়।

মূলত রাখাইন রাজ্যের একটি গ্রামে ১০ জন রোহিঙ্গাকে পাশাপাশি বসিয়ে হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন তারা। পরবর্তীতে রয়টার্স সেই অনুসন্ধানী সংবাদ প্রকাশ করলে আন্তর্জাতিক মহলে আরও বেশি চাপের মুখে পড়ে মিয়ানমার।

image

রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার বলেন, “আমি আনন্দিত যে ওয়া লোন, কিয়াও সোয়ে ওউ এবং তাদের সহকর্মীরা অসাধারণ ও সাহসী কাভারেজের জন্য স্বীকৃতি পেয়েছে।”

তিনি বলেন, “আমি গভীরভাবে ব্যথিত যে, আমাদের সাহসী সংবাদকর্মী ওয়া লোন এবং কিয়াও সোয়ে ওউ এখনো কারাগারে আটক রয়েছেন।”

থমসন রয়টার্সের প্রধান নির্বাহী জিম স্মিথ বলেন, “ওয়া লোন এবং কিয়াও সোয়ে মুক্ত না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে এ অর্জন উদযাপন হবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত