কাঁদতে কাঁদতে ফিরে আসার প্রত্যয়

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৩:০৬ এএম

২০১৯ বিশ্বকাপের জন্য জাতীয় দল ততক্ষণে ঘোষণা হয়ে গেছে। বিশ্বকাপ তো বটেই, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় দলেও জায়গা মেলেনি তাসকিন আহমেদের। গতি তারকা তার ভাগ্য জেনেই মিরপুরে এসেছিলেন। এবং ফিরলেন কাঁদতে কাঁদতে।

গতকাল মিরপুরে বিসিবির সীমানায় একাডেমির সামনে তাসকিন গাড়ি থেকে নামতেই টেলিভিশন ক্যামেরা এগিয়ে যায়। তার সামনে মাইক ধরা হয়। স্বপ্নভঙ্গের বেদনায় বিমর্ষ ২৪ বছরের বোলার মৃদু কণ্ঠে বললেন, ‘একটু মেডিকেল রুমে যাব পা দেখাতে। ফিরে এসে কথা বলব।’

নত মস্তকে এগিয়ে অদৃশ্য হওয়া তাসকিন কিছুক্ষণ পর ফেরেন। অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের সামনে কথা বলতে এসে কেঁদে ফেলেন মাঠে ত্রাস ছড়ানো বোলার। ‘আমি ফিরে আসব।’ ভাঙা গলায় বলেন। বিপিএলে ২২ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। প্রসঙ্গটা টানতেই কান্নার বেগ বাড়ে, ‘নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয়ই ভালোর জন্য। আমি আমার চেষ্টা চালিয়ে যাব ফিরে আসতে।’

গতকাল দুপুরে ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ ও ১৭ সদস্যের আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দলে তাসকিন জায়গা পাননি। নির্বাচকরা জানিয়েছেন, চোট থেকে ফেরা তাসকিনের ফিটনেস ‘আপ টু দ্য মার্ক’ নয়। গত ১ ফেব্রুয়ারি বিপিএলের শেষ ম্যাচ খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। তার আগে নিউজিল্যান্ডের দলে ঢুকেছিলেন। চোটের কারণে খেলা হয়নি। গত সপ্তাহে লিগে একটি ম্যাচ খেলে আবার ফিরলেন। কিন্তু ২০১৭-এর অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলা তাসকিনের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত