সোনারগাঁয়ে ভাঙচুর, লুট

প্রতিপক্ষের হামলায় আহত ১০

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৪:২৬ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মামরকপুর গ্রামে গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। এ ছাড়া বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে ইজারা নেওয়া সরকারি একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে ওই গ্রামের আবদুস সাত্তারের সঙ্গে তোফাজ্জলের বিরোধ চলে আসছে। সোমবার রাতে সাত্তার ও তোফাজ্জলের মধ্যে এ জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তোফাজ্জলের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সাত্তারের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা এ সময় এলোপাতাড়ি কুপিয়ে বাড়িঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণলঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় সাত্তারের বাড়ির নারগিছ, কবির, সাদ্দাম রুবেল, রাসেল, মমতাজ, সাজেদাসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় আহত সাত্তারের ছেলে কবির হোসেন বাদী হয়ে গতকাল বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।  সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত