ইউভেন্তুসকে হারিয়ে ২২ বছর পর সেমিতে আয়াক্স

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১০:৫২ এএম

ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেননি ইউভেন্তুস। দারুণভাগে ঘুরে দাঁড়ায় আয়াক্স। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয়ে দীর্ঘ ২২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল ডাচ ক্লাবটি।

প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ইউভেন্তুসের মাঠে মঙ্গলবার রাতে ২-১ গোলের জয় পায় আয়াক্স। ১-১ গোলে ড্র হয়েছিল প্রথম লেগের লড়াই। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করল দলটি। ১৯৯৬-৯৭ মৌসুমে সবশেষ প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল খেলেছিল তারা।

ইউভেন্তুসের এই হারে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভাঙলো রোনালদোর। গত তিন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতাটির শিরোপা জয়ের উল্লাসে মেতেছিলেন তিনি।

২৮তম মিনিটে ইউভেন্তুসকে এগিয়ে নেন রোনালদো। মিরালেম পিয়ানিচের কর্নারে পর্তুগিজ ফরোয়ার্ডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। চলতি আসরে এই নিয়ে ষষ্ঠ গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের রেকর্ড গোলদাতার মোট গোল দাঁড়ালো ১২৬টি।

পিছিয়ে পড়ার ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরায় আয়াক্স। ডি-বক্সের বাইরে থেকে হাকিমের জোরালো শট ডিফেন্ডারদের গায়ে লেগে পেয়ে যান ডানি ফন দে বেক; ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। দুই লেগ মিলিয়ে লড়াইয়ে ২-২ সমতা ফেরে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় অতিথি দল। ৬৭তম মিনিটে ইউভেন্তুস শিবিরে নীরবতা নামিয়ে আনে তারা। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে হেডে জাল খুঁজে নেন মাতাইস দি লিট। চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি ইউভেন্তুস।

একই সময়ে কোয়ার্টার-ফাইনালের অপর লড়াইয়ে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত