বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া চূড়ান্ত হবে ২৫ এপ্রিল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০২:০৫ পিএম

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বিজিএমইএ ভবন কিভাবে ভাঙা হবে তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী ২৫ এপ্রিল।

তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে নয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিএমইএ ভবন ভাঙা হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

এসময় তিনি বলেন, এই ভবন ভাঙার ক্ষেত্রে আগ্রহীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ (বুধবার) বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তা প্রকাশিত হয়েছে।

শ ম রেজাউল বলেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে আগ্রহীদের তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। ২৫ এপ্রিল সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মধ্যে বিজিএমইএ ভবনটি ভাঙা হবে এবং তার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই স্থানটি সম্পূর্ণ খালি করে দেওয়া হবে।

উল্লেখ্য, তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রধান কার্যালয়টির নাম ‘বিজিএমইএ কমপ্লেক্স’। এটি বিজিএমইএ ভবন নামে পরিচিত।

অ্যাসোসিয়েশনের কর্ণধাররা রাজউকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাতিরঝিল ও বেগুনবাড়ি খালের মাঝখানে ১৫তলা ভবনটি নির্মাণ করেন। এ নিয়ে আদালতে মামলা হলে আদালত বিজিএমইএ’র নিজ খরচে ভবনটি ভাঙার পক্ষে রায় দেন।

ম্যারাথন শুনানি ও পাল্টা শুনানি শেষে বিজিএমইএ ভবন ভাঙতে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দেয় আদালত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ভবনটি ভাঙার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হাজির হয় রাজউক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত