সিলেটের ১২টি উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছেন। গতকাল বুধবার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের শপথ পাঠ করান। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার আশফাক আহমদ, দক্ষিণ সুরমার আবু জাহিদ, বিশ্বনাথের এসএম নুনু মিয়া, বালাগঞ্জের মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জের নুরুল ইসলাম, গোলাপগঞ্জের ইকবাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজারের আবুল কাশেম পল্লব, কানাইঘাটের আবদুল মোমিন চৌধুরী, জকিগঞ্জের লোকমান উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জের শামীম আহমদ, জৈন্তাপুরের কামাল আহমদ ও গোয়াইনঘাটের ফারুক আহমদ। গত ১৮ মার্চ সিলেটের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
