সমাজের প্রত্যেকটি স্তর দুর্নীতিতে আক্রান্ত। দুর্নীতির কারণে মেধা বিকাশ হচ্ছে না। দুর্নীতির কারণে মাস্টার্স পাস করে মেধা থাকার পরেও চাকরি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্নীতিকে যেভাবেই হোক প্রতিরোধ করতে হবে, দমন করতে হবে। আর তাহলেই সমাজে ও রাষ্ট্রে উন্নয়ন সম্ভব হবে।
নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিক্রেতা বিহীন সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।
এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল আরাফাত হোসেন, ডিজিএফআইয়ের উপ পরিচালক মো. শরীফুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রুশদীনা আখতার জাহান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক সততা স্টোরের উদ্বোধন করেন।
