যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যের ডাক রুহানির

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১০:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী তেহরানে সেনা দিবসের প্যারেডে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্ররাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমস্যার মূল হিসেবে আখ্যায়িত করেন ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তিনি জায়নবাদকে পিছু হটাতে প্রতিবেশী দেশগুলোকে তাগিদ দেন।

রুহানি বলেন, ইরানের সামরিক বাহিনী আঞ্চলিক কোনো দেশের শত্রু নয়। তিনি বলেন, ‘এ অঞ্চলের জাতিগুলো পরস্পরের সঙ্গে শত শত বছর ধরে বাস করে আসছে। তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি... কোনো সমস্যা হলে দায়ী অন্যরা। এ সময় আমাদের কোনো সমস্যা হলে এর জন্য হয় জায়নবাদ নতুবা আমেরিকার ঔদ্ধত্য দায়ী।’

শীর্ষ জেনারেলদের পাশে রেখে ইরানের প্রতিবেশী ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উদ্দেশে রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক বাহিনী কারও জাতীয় স্বার্থের বিরোধী নয়। সশস্ত্র বাহিনীর সদস্যরা আগ্রাসী শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আসুন, এক কাতারে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই এবং এ অঞ্চল থেকে আগ্রাসী শক্তিকে হটাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত