ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডের সঙ্গে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস সরাসরি জড়িত বলে দাবি করেছে নিহতের পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। পরিবারের পক্ষ থেকে তখন অবিলম্বে এনাম বিশ্বাসকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে মো. তানভির রহমান তন্ময়। সে সময় উপস্থিত ছিলেন সেলিমের স্ত্রী দিলারা বেগম, মেয়ে সানজানা রহমান তোবাসহ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা চান্না ম-ল, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ছবি, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল ইসলাম মহিদুল, রেজাউল করিম রাজা, জহুরুল ইসলাম মালিথা, জাহাঙ্গীর আলম, সাইফুজ্জামান পিন্টু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন এবং শতাধিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লিখিত বক্তব্যে বলা হয়, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস নিজের আত্মীয় ও ব্যক্তিগত কর্মচারীদের ভুয়া কৃষক সাজিয়ে তালিকা করে নামে-বেনামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ২৮ কোটি টাকা আত্মসাতের সব প্রক্রিয়া শেষ করে। এ প্রতারণার প্রতিবাদই কাল হয় মুক্তিযোদ্ধা সেলিমের জন্য।
