ময়মনসিংহ সিটি নির্বাচন

প্রতীক পেলেন ৩১২ কাউন্সিলর প্রার্থী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:০১ এএম

উত্তাপহীন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ৩১২ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

পরে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে।

মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী মো. ইকরামুল হক টিটুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত কমিশনের নিয়ম মেনে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। আগামী ৫ মে হতে যাওয়া নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ১২৭টি ভোটকেন্দ্রের সব ক’টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত