নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংঙ্গঠনের চার সক্রিয় সদ্যসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো নজরুল ইসলাম, আবদুল হান্নান, আবদুল মালেক ও রকিবুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানা গাড়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনে তাদের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই চার জঙ্গির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তাদের বিরুদ্ধে ঢাকা পল্টন থানায়ও একটি মামলা রয়েছে।
