গাজীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। পরিচয় জানাতে না পারলেও নিহত ব্যক্তিকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব দাবি করেছে, এ সময় তাদের দুই সদস্য- সানা উল্লাহ ও উজ্জল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, র্যাব সদস্যরা টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় একদল অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বেচাকেনা করছে।
র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে অজ্ঞাত পরিচয়ের এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানান লে. কমান্ডার মামুন।
শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
