আর্জেন্টিনায় মেসিকে নিয়ে সমালোচনা অন্যায্য: সিমেওনে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৬ এএম

ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে কোনো সাফল্য নেই লিওনেল মেসির। এই নিয়ে সমালোচনার বানে জর্জরিত তারকা এই ফরোয়ার্ড। কিন্তু পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে এমন সমালোচনা ‘অন্যায্য’ বললেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমেওনে।

ক্লাব বার্সেলোনার হয়ে সাফল্যের শেষ নেই মেসির। একাধিকবার করে জিতেছেন সব শিরোপা। কিন্তু আর্জেন্টিনার হয়ে যেন বার্সেলোনার মেসিকে খুঁজে পাওয়া ভার! এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে কোনো শিরোপা জিততে পারেননি ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

সবশেষ রাশিয়া বিশ্বকাপেও জ্বলে উঠতে পারেননি মেসি। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে এক প্রকার নির্বাসনেই ছিলেন মেসি। গত মাসে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আবার ফেরেন আর্জেন্টিনা দলে। কিন্তু তার ম্যাচে বড় ব্যবধানে হারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠেই নামতে পারেননি। এই নিয়েও সমালোচনা শুনতে জয় মেসিকে।

আর্জেন্টিনায় কেন মেসির এত সমালোচনা? এই নিয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলারের কাছে প্রশ্ন তার ছেলেরও। বড় ছেলে থিয়াগো নাকি মেসিকে বলেন- “বাবা, আর্জেন্টিনায় কেন তারা তোমার এত সমালোচনা করে?”

তবে সমালোচনা যাই হোক না কেন, আসছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম মেসিই।

জাতীয় দলের হয়ে সফল না হওয়ায় মেসিকে নিয়ে সমালোচনার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তার স্বদেশী সিমেওনে।

“আমি সকল সমালোচনাকেই সম্মান জানাই। প্রত্যেকের নিজস্ব মতামত আছে। (২০১৪ সালে) মেসি বিশ্বকাপ জয়ের খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে জিততে পারেনি।”

“কিছু মানুষ অনবরত তার সমালোচনা করে যাচ্ছে। কিন্তু মেসি অবিশ্বাস্য ফুটবলার। সে কয়বার ব্যালন ডি’অর জিতেছে? কত সংখ্যক গোল করেছে? কতবার সে বার্সেলোনাকে অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার ফিরিয়েছে? তাকে ছাড়া এসব নাও পতে পারত।”

“মেসিকে নিয়ে সমালোনা অন্যায্য। একেবারেই ঠিক না। বিশেষ করে আর্জেন্টিনায়। তারা সবাই এমন তুলনা করে যে, মেসি বার্সেলোনার হয়ে পারলে আর্জেন্টিনার হয়ে কেন নয়?”

“এটা জানা খুব কঠিন নয়, বরং সহজ। বার্সেলোনা এমন একটি দল এবং সেখানে এমন কিছু খেলোয়াড় আছে, যারা মেসিকে সহযোগিতা করে। আর্জেন্টিনায় তেমন খেলোয়াড় নেই। এমনটা পর্তুগালের হয়ে খেলার সময় ক্রিস্তিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ঘটে। কারণ পর্তুগাল ইউভেন্তুস বা রিয়াল মাদ্রিদের মতো নয়। এসব দল তারকা খেলোয়াড়দের আরও শক্তিশালী করে তুলে। বিষয়টা সহজ।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত