শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেড়াতে আসা গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. আব্দুর রহমান, মারুফ হাসান ও সুজন মাহমুদ। তারা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা পাঁচ আরোহীসহ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সুজন মাহমুদসহ কয়েকজনকে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। এদের মধ্যে সুজন মাহমুদের অবস্থা গুরুতর। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন।
অপরদিকে, নিরাপত্তা শাখার কর্মকর্তারা ব্যক্তিগত গাড়িটি ও তার আরোহীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্র জানায়, ধাক্কা দেওয়ার সময় চালকের আসনে ছিলেন ড্রাইভিং লাইসেন্সবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর রহমান জিতু।
প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, 'তাদের কাছে থেকে মুচলেকা ও উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। তারপর তাদেরকে স্ব-স্ব অভিভাকের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ভবিষতে তারা যাতে গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হবে।'
