বিশ্বকাপ জিততে পাকিস্তান দলকে ইমরান খানের টিপস

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১১:২৮ এএম

বিশ্বকাপগামী পাকিস্তান দলকে উদ্বুদ্ধ করলেন দলটির সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, দলীয় ঐক্য, একতা এবং প্যাশন বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারে।

আসন্ন বিশ্বকাপের জন্য গত বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। পরদিন শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে শুভেচ্ছা গ্রহণ ও বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ টিপস নিতে যায় দলের সদস্যরা।

পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে লক্ষ্য করে ইমরান বলেন, “তুমি এই দলের নেতা। বাকি ক্রিকেটাররা তোমার দিকে তাকিয়ে আছে। যখন একজন নেতা পারফর্ম করে এবং দলের প্রতি দায়বদ্ধতা দেখায়, তখন বাকিরাও সেটা অনুসরণ করে।”

প্রধানমন্ত্রীর বাসভবনে এদিন প্রাক-বিশ্বকাপ মিটিংয়ে ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন পাক দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি এহসান মানি, প্রধান নির্বাচক ইনজামাম-উল হক।

সভায় ১৯৯১ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরানের সঙ্গে বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন মত আদান-প্রদান করেন ক্রিকেটাররা। এক ঘণ্টারও বেশি সময় ইমরানের সঙ্গে সময় কাটান সরফরাজ, মোহাম্মদ হাফিজরা।

ইমরান ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, “চ্যাম্পিয়ন দল মাঠে নামে আবেগ এবং সঠিক পরিকল্পনা নিয়ে। দলগত সংহতি ম্যাচ জয়ের প্রধান হাতিয়ার। তোমরা তোমাদের দক্ষতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং শিষ্টাচারের মাধ্যমেই আবার দেশকে গর্বিত করতে পার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত