চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০০০ পিস ইয়াবাসহ প্রেমিক প্রেমিকার দুই জুটিকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
শনিবার বেলা ১১টায় মহা সড়কের শীতলপুর আমেরিকানের বাড়ির সামনে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৫-১২৬৪) তল্লাশি চালিয়ে এই চার জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হল কক্সবাজারের গর্জনিয়া গ্রামের শফিউল আলমের মেয়ে জমিলা আক্তার টুম্পা (২১) ও তার প্রেমিক একই এলাকার দক্ষিণ বাংলা বাজার নয়াপাড়া গ্রামের মো. শাহাবুদ্দিনের পুত্র নুরুল আফসার (২১), টুম্পার বান্ধবী টেকনাফ থানার মিনা বাজার গ্রামের মৃত আবদুর রশিদের মেয়ে সালমা আক্তার (২০) ও তার প্রেমিক একই এলাকার মো. ফরিদুল আলমের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৮)।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের প্রেমিক প্রেমিকা বলে জানায়। দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল এবং প্রতি চালানে জনপ্রতি ১০ হাজার টাকা করে পায় বলেও স্বীকার করে তারা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
