৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ, পল্লি চিকিৎসক আটক

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৭:৪৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লি চিকিৎসক সাইফুল ইসলাম কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধর্ষক সাইফুলকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে উপজেলার সেজিয়া বাজারে নাজ ফার্মেসিতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার স্কুল ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই স্কুল ছাত্রী সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

ধর্ষক সাইফুল ইসলাম মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ানের সেজিয়া গ্রামের খোদাবন্দীপাড়ার নুর মোহাম্মাদের ছেলে ও পল্লি চিকিৎসক।

নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর মা জানান, বেশ কয়েক দিন আগে তার মেয়ের জ্বর হয়। জ্বর ভাল না হওয়ায় তার বাবা শনিবার রাতে সাইফুল ইসলামের সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে স্কুল ছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। পল্লি চিকিৎসক সাইফুল আব্দুল আজিজকে বলে সকালে পাঠিয়ে দেবেন আরও চিকিৎসা দেব।

রোববার সকালে সাইফুলের কথা মত তার পিতা চিকিৎসার জন্য মেয়েকে নাজ ফার্মেসিতে পাঠিয়ে দেন। স্কুল ছাত্রী সেখানে গলে সাইফুল ইসলাম তার শরীরে একটি ইনজেকশন পুশ করেন ও একটি ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর স্কুল ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে সাইফুল তাকে ধর্ষণ করে।

স্কুল ছাত্রীর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি আরও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত