পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে সোহেল চৌকিদার (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ওই স্কুলছাত্রীর মার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুমকি উপজেলার জলিশা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে সোহেল চৌকিদারকে আটক করে রোববার কোর্টে সোপর্দ করেছে।
একই সঙ্গে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে (১৩) মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ধর্ষণের শিকার ৮ম শ্রেণির ছাত্রীর (১৩) মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামি সোহেলকে তার গ্রামের বাড়ি জলিশা থেকে আটক করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, গত জানুয়ারির মাঝামাঝি সোহেল ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে একা পেয়ে জোর করে নির্জন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি সোহেল ও তার প্রভাবশালী চৌকিদার পরিবারকে জানালে তারা এড়ানোর চেষ্টা করে ও ঘটনাটি ধামাচাপা দিতে গোপনে কিশোরীর গর্ভপাত ঘটায়।
এতে ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে নিরুপায় হয়ে তার মা দুমকি থানায় মামলা দায়ের করেন।
