লক্ষ্মীপুরের অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, ইউপি সদস্যসহ আটক ৪

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৯:০৮ পিএম

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ তরুণী শাহেনুর আক্তারের মৃত্যুর ঘটনায় পুলিশ দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগে ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে।

রবিবার রাত ও সোমবার অভিযান চালিয়ে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন, গ্রাম পুলিশ সদস্য, অভিযুক্ত সালাউদ্দিনের দুই ভাই আবদুর রহমান ও আলাউদ্দিনসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানায়, রবিবার সন্ধ্যায় জেলার কমলনগর উপজেলার চরফলকনের আইয়ুবনগর গ্রামের একটি সয়াবিন খেত থেকে অগ্নিদগ্ধ তরুণী শাহিনুর আক্তার (২৪) কে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা রাতেই শাহিনুর আক্তারকে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাতে অগ্নিদগ্ধ শাহিনুর আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর আক্তার মারা যান।

নিহত তরুণী শাহিনুর আক্তার চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজি গ্রামের জাফর আলমের মেয়ে।

রবিবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেনুর জানান, মোবাইল  ফোনে কমলনগরের সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় সূত্র ধরে প্রায় দেড় বছর আগে একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। গত ৬ মাস আগে জানতে পারেন সালাউদ্দিন বিবাহিত। এ কথা শুনে কিছুদিন আগেও কমলনগর আসেন তিনি। কিন্তু স্ত্রীর স্বীকৃতি পান নি। ফের গত শুক্রবার আবার লক্ষ্মীপুরে আসেন। কিন্তু এবারও স্ত্রী স্বীকৃতি দেয়নি স্বামী সালাহউদ্দিন।

তিনি বলেন, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় আমার গায়ে আগুন লাগিয়ে দেয় সালাউদ্দিন।

অভিযুক্ত সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলে নিয়ে গ্রামে বসবাস করেন। সালাউদ্দিন পেশায় একজন রিকসা চালক। তার বাবার নাম মহর আলী।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জড়িত কেউ ছাড় পাবে না বলে জানান তিনি।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন জানান, তরুণী শাহিনুর আক্তার নিজে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে না অন্য কেউ লাগিয়েছে। সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হয়নি। তবে দায়িত্ব অবহেলার অভিযোগে ইউপি সদস্য হাফিজ উদ্দিন, গ্রাম পুলিশ সদস্য অভিযুক্ত সালাউদ্দিনের দুই ভাইসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত