রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কাড়তে জাতিসংঘের তিন সংস্থার প্রধান বুধবার ঢাকা সফরে আসছেন। সোমবার জাতিসংঘের এক মিডিয়া অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পে গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিভাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকক রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন।
রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা তাদের সফরের মূল উদ্দেশ্য। যাতে মানবিক সহায়তার পাশাপাশি রাখাইনে নিরাপদ পরিবেশ ফিয়ে দেওয়া সম্ভব হয়।
সফরকালে জাতিসংঘের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। আগামী শুক্রবার তারা সেখানে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর পর রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রবেশের অনুমতি দিচ্ছে না মিয়ানমার।
