টঙ্গীতে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ১০

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০১:২৩ এএম

মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় রবিবার রাতে পরোয়নাভুক্ত এক আসামি গ্রেপ্তারের পর হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করলেও ছিনিয়ে নেয়া আসামিকে ধরতে পারেনি।

গ্রেপ্তারকৃতরা হলো, ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন (৫০), জোসনা (৩৮), জাহিদুল ইসলাম মিথুন (২৫), মুন্নি বেগম (৩৫), রাজু (২০), রেখা বেগম (৩০), কামরুল হাসান মুন্না (২০), হাবিবুর রহমান ওরফে আকাশ (১৮), রুহুল আমিন (৪০) এবং সানোয়ার হোসেন (৩২)।

টঙ্গী পশ্চিম থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, ইন্সপেক্টর মো. সহিদুর রহমানের নেতৃত্বে রবিবার রাত ১০টার দিকে পুলিশ স্থানীয় জিন্নত মহল বস্তি এলাকা থেকে পরোয়ানভুক্ত আসামি টিপুকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে নিয়ে থানায় ফেরার পথে টিপু চিৎকার শুরু করে। এতে তার সহযোগিরা গিয়ে পুলিশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং টিপুকে গ্রেপ্তারের কারণ জানতে চায়। একপর্যায়ে পুলিশকে ঘিরে ফেলে এবং উপর অতর্কিতে হামলা চালিয়ে টিপুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

তিনি জানান, টিপুর বিরুদ্ধে ৩টি রাজনৈতিক, ২টি মাদক এবং ১টি হত্যা মামলার আসামি। হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় এসআই বিল্লাল হোসেন রবিবার রাতে ১৭ জনের নামোল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত