সাত দফা দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১২:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দূর করাসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। মানববন্ধনটি নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত ছাড়িয়ে যায়। এরপর সড়কে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসময় ‘গণহারে আর ফেল নয়, যথাযথ রেজাল্ট চাই’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়’, ‘গণহারে ফেল, ঢাবি তোমার খেল’, ‘বন্ধ কর অনাচার, সাত কলেজের আবদার’ এসব স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার খাতা মূল্যায়নে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সবশেষ পরীক্ষায় ঢাকা কলেজ বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২১৬ শিক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছেন মাত্র ৩ জন। ক্যামেস্ট্রিতে ৪৮ জনের মধ্যে ৪০ জন অকৃতকার্য হয়েছেন।

দেলোয়ার হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, “ঢাবি আমাদের যে মান অনুযায়ী পরীক্ষার খাতা মূল্যায়ন করে, সেই মান অনুযায়ী ক্লাসে পড়ানো হয় না। এমনও বিষয় আছে- পাঁচটির বেশি ক্লাস হয় না। নানা অজুহাতে ক্লাস বন্ধ থাকে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত