ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন ।
বুধবার সকাল ১১টা থেকে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কলেজের সামনে সাত কলেজের অবরোধ কর্মসূচি চলবে বলে অবরোধকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।
তীব্র সেশন জট ও ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের লক্ষে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার রাস্তা অবরোধ প্রত্যাহার করে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন ।
দাবিগুলো হচ্ছে-১. একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ, ২. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনর্মূল্যায়ন, ৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন, ৪. প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া, ৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্র্যাশ প্রোগ্রাম চালু।
পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে মঙ্গলবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা যাবৎ সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সংশ্লিষ্টদের কোন সাড়া না পেয়ে অবরোধ প্রত্যাহার করে আবার নতুন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা ।
সকালে প্রথমে মানববন্ধন ও পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এর আগে গত সোমবার (২২ এপ্রিল) সেশনজট, ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ৫ দফা দাবি জানান।
