টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিন (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মোমেন সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, টাঙ্গাইলের গোপালপুর থানার হুমায়ুন কবীর পাকিস্তানে থাকাকালীন পাকিস্তানি মহিলা নাগরিক নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পাঁচ মাস আগে ওই পাকিস্তানী নারী মেয়ে হুমায়রাকে (১৭) নিয়ে ভাসুর আবুল হোসেনর বাড়িতে বেড়ে আসেন। বাড়িতে থাকাকালীন ভাসুরের ছেলে আল আমিন কিশোরী হুমায়ুরা বাবুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এ অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে কিশোরী মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আল আমিন তার তিন সহযোগ কে সাথে নিয়ে তাকে অপহরণ করে। পরদিন ১৭ এপ্রিল আল আমিন বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে হুমায়রাকে ধর্ষণ করেন। পরে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাব-১২ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।
মঙ্গলবার র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল কুড়িগ্রামের রাজিপুর থানার পঞ্চনগর এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।
